মশা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৪

অভ্র গুপ্ত

 

চারদিকে মশা ধায়

শোওয়া কিবা বসা দায়

চেয়ারে বা বিছানায় স্বস্তিতে,

পুনপুন করে মশা,

বাহিরে বা ঘরে মশা

মশা ঘোরে ফ্লাট থেকে বস্তিতে।

রাতদিন চামড়ায়

মশা এসে কামড়ায়

অফিসের কাজে কিবা আড্ডায়,

মশা দেখি রাজপথে

গলিটারও মাঝ পথে

মশা দেখি বনানী বা বাড্ডায়|

হায় হায় মশা ভাই

নাজেহাল দশা ভাই

ছেড়ে দে না, হাতে-পায়ে ধরি তোর,

কয়েল জ্বালিয়ে রাখি

মশারি খাটিয়ে রাখি

তবু হায় কেন হাতে পড়ি তোর?

ছেলেবুড়ো সকলেই

কাবু তোর ধকলেই

কেউ তোর কামড় কি কম খায়?

জানে যারা হুল খায়

কতখানি চুলকায়

ডেঙ্গুরও ভয় এসে ধমকায়|

নগরের পিতা কই?

(তাঁরে আর কিতা কই)

পুরো সিটি ঢেকে দিন নেট দিয়ে,

হোন হোন হেসে বার

ট্যাক্স নিন এ সেবার

একদম চড়া-চড়া রেট দিয়ে|