টেলিভিশন নাটকে ইদানিং ভাষাকে বিকৃত করে ফেলা হচ্ছে। যে ভাষার জন্য ১৯৫২ সালে তরুণ-যুবকরা রক্ত দিয়েছে, সেই ভাষাকে বিকৃত করা ভীষণ দুঃখজনক। টেলিভিশন নাটকের ক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট আঞ্চলিক ভাষায় আটকে গেছি, যা কাম্য নয়। যারা এসব নাটকে অভিনয় করছেন তারাও জানেন না যে, কোন কোন অঞ্চলের ভাষা মিশ্রণ করে তারা সংলাপ দিচ্ছেন। নাটকে একজন গ্রামের ছেলে বা মেয়ের পোশাক, কথাবার্তা, সংলাপ কীভাবে শহরের লোকদের মতো হচ্ছে! আমার মনে হয় এই জায়গাটায় আরো অনেক বেশি যত্নশীল হতে হবে।
আগে একটি পাণ্ডুলিপি পাওয়ার পর মনে হতো বাহ! কত সুন্দর কাহিনি! কিন্তু এখন সেই জায়গাটি থেকে আমরা সরে এসেছি। এখনকার গল্পগুলো তাই মানুষ আর মনে রাখে না। তাহলে অভিনয়শিল্পীরা কীভাবে জনপ্রিয় হবেন? এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নাট্যকারদের আরো ভালো নাটক লিখতে হবে। নির্দেশকদেরও তাদের দায়িত্ব আরো যত্নের সঙ্গে পালন করতে হবে।
বর্তমান নাটকের বিভিন্ন প্রসঙ্গে
নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম
