‘দক্ষিণ এশিয়ার ফুটবল পিছিয়েছে’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০

স্পোর্টস রিপোর্টার

কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের দ্বিতীয় পর্বের এশিয়ান অঞ্চলের বাছাই শুরু হয়ে গেছে। এশিয়া অঞ্চলের বাছাইয়ে একমাত্র বাংলাদেশ ছাড়া বাদবাকি সবদলই নিজেদের গ্রুপ পর্বের প্রথম খেলাও খেলেছে। কাতারে গিয়ে আফগানিস্তান ০-৬ গোলে কাতারের কাছে হেরেছে। বাংলাদেশের গ্রুপের ম্যাচ এটি। জেমির কাছে অনেক গুরুত্বপূর্ণ খেলা। দেখতে ভোলেননি। ঢাকায় সংবাদ মাধ্যমের সঙ্গে অনলাইনে কথা বলতে গিয়ে জানিয়েছেন কঠিন একটা ম্যাচ দেখেছেন তিনি। ম্যাচটা দেখে রাতে অনেক কিছু ভেবে রেখেছেন। কীভাবে নিজেরা লড়াই করবেন। কারণ খেলাটা শুধু আফগানিস্তানের বিপক্ষেই নয়। আফগানিস্তান ছাড়াও কাতার, ওমান এবং ভারতের বিপক্ষেও খেলতে হবে হোম অ্যান্ড অ্যাওয়ের ম্যাচে।

বাংলাদেশের ‘ই’ গ্রুপে আফগানিস্তান যেমন কাতারের কাছে হেরেছে (৬-০), ভারত হেরেছে (১-২) ওমানের কাছে। কুয়েত ৭-০ গোলে হারিয়েছে নেপালকে। তুর্কমিনিস্তান ২-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দক্ষিণ এশিয়ার ফুটবল দেশগুলোর মধ্যে একমাত্র মালদ্বীপ জয় পেয়েছে। মালদ্বীপ ১-০ গোলে গুয়ামকে হারিয়েছে। বাকি দেশগুলো হারের খবর দিয়েছে। সব খেলার খবরই জানেন জেমি ডে। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এতেই বুঝা যায় দক্ষিণ এশিয়ার ফুটবল পিছিয়েছে।

আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুসানবেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের দ্বিতীয় পর্বের বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের ভেন্যুতে। হাতে আছে তিন দিন। এই সময়ের মধ্যে আফগানদের বিপক্ষে একাদশ গঠন নিয়ে মাথা খাটাচ্ছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে।

পরপর দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন জেমি। দেখে নিয়েছেন তার খেলোয়াড়রা কতটা প্রস্তুত। তাজিকিস্তানের দুইটি শীর্ষ স্থানীয় ক্লাব দলের বিপক্ষে প্রথমটিতে হার দ্বিতীয়টিতে ড্র হলেও কোচ জেমি দারুণ খুশি। কারণ তার ছেলেরা খুব একটা খারাপ করছে না। আর এই দুই ম্যাচে খেলোয়াড়রা অনেকে বেশি উজ্জীবিত বলে তিনি মনে করছেন। প্রতিপক্ষ যে দলই হোক না। প্রথম ম্যাচ বলে কথা।

প্রথম ম্যাচের আগে একটা বাড়তি শক্তি দরকার হয় যেকোনো দলের জন্য সেটা টনিক হয়ে কাজ করতে পারে। উজ্জীবিত ফুটবলাররা আফগানদের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত। জেমি এখন নির্ধারণ করবেন তার নোট বুক হতে কারা সেরা একাদশে ঠাঁই পাচ্ছেন। প্রস্তুতির দুই ম্যাচে জেমি দেখে নিয়েছেন ১৪ জন ফুটবলার। একাদশ এবং তিন জন স্ট্যান্ডবাই ফুটবলারকে। কিন্তু সেসব নিয়ে কথা বলেননি জেমি। এমনকি তার খেলোয়াড়দের কাছেও প্রকাশ করেননি কারা জায়গা পাচ্ছেন একাদশে।

ম্যাচের আগের দিন শেষ অনুশীলনেই চূড়ান্ত করতে চান একাদশ। তার যুক্তিও আছে। কারণ আফগানিস্তান এবং কাতার ম্যাচটা দেখেছেন তিনি। আফগানদের শক্তি কিছুটা হলেও জানা হয়েছে জামাল ভুঁইয়াদের কোচ জেমি ডের। আফগানদের শক্তির চুলচেরা বিশ্লেষণ করে নিজেদের একাদশ সাজাবেন কোচ।