ড্রয়ে ‘সন্তুষ্ট’ আর্জেন্টিনা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২

চিলির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করার পরেও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচে বেশ কিছু আকর্ষণীয় কাজ করেছিলাম আমরা। তরুণরা যেভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে তাতে আমি খুশি। কোপা আমেরিকায় যা করতে চেয়েছিলাম তার কাছাকাছিই পারফর্ম করেছি আমরা। তরুণরা জার্সির ভারে নুয়ে পড়েনি, এই ব্যাপারেও আমি বেশ খুশি।’ নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী ১১ সেপ্টেম্বর মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটিতে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ। স্ক্যালোনি বলেন, ‘সামনের ম্যাচে কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে। দুই কিংবা তিনটি পরিবর্তন অবশ্যই করা হবে কেননা আমরা খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চাই এবং অবসাদের কথাটিও মাথায় রাখছি আমরা।’