এমার্জিং দলের ম্যাচ ড্র

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৩

স্পোর্টস রিপোর্টার

কক্সবাজারে গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা এমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচও ড্র হয়েছে। খুলনায় সিরিজের প্রথম চার দিনের ম্যাচও ড্র হয়েছিল। দুটি ম্যাচ ড্র হওয়ায় দুই দলের চার দিনের ম্যাচের সিরিজটা তাই ড্রয়ের মাধ্যমেই শেষ হলো।

অবশ্য বাংলাদেশ সফরটা খারাপ কাটেনি শ্রীলঙ্কা এমার্জিং দলের। কারণ এই সফরে ওয়ানডে সিরিজ জিতেছিল লঙ্কানরা। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের ২-১ এ হারিয়েছিল সফরকারী দল।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ম্যাচের চতুর্থ ও শেষ দিনে বৈরি আবহাওয়ার কারণে কোনো বলই মাঠে গড়ায়নি। এর আগে তৃতীয় দিন শেষে বাংলাদেশ এমার্জিং দলের স্কোর ছিল ৩ উইকেটে ২০৮ রান। এই অবস্থায় ম্যাচ ড্র হয়েছে। ম্যাচের প্রথম দিনে কোনো খেলা হয়নি। দ্বিতীয় দিনে ২৩ ও তৃতীয় দিনে ৪৩ ওভার খেলা হয়েছিল। বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব সেঞ্চুরি করেছিলেন। আফিফ অপরাজিত ১০০ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৮৮ রান করেন। গতকাল খেলা না হওয়ায় সেঞ্চুরির সুযোগটা আর পাননি শান্ত। সেঞ্চুরি না পেলেও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন শান্ত।