স্পেনের কষ্টার্জিত জয়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৩

ইতালির টানা পাঁচ

স্পোর্টস ডেস্ক

সার্জিও রামোস আর পাকো আলকাসারের গোলে রোমানিয়ার বিপক্ষে গত বৃহস্পতিবার ইউরো ২০২০ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে স্পেন। এদিকে ইতালি আর্মেনিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ইউরো বাছাইপর্বে নিজেদের পঞ্চম জয়টি তুলে নিয়েছে।

বুখারেস্টে ইউরো বাছাইয়ের এফ গ্রুপের ম্যাচে স্পেন প্রথমার্ধে সার্জিও রামোসের পেনাল্টি থেকে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড আলকাসার গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণে চলে আসে দলটি। কিন্তু এরপর রোমানিয়ার গোল শোধের পর ডিয়েগো লরেন্তের লালকার্ড ম্যাচে অনিশ্চয়তা সৃষ্টি করে।

শেষ মুহূর্তে স্পেন পেনাল্টি হজম করে বসলে টানা জয়ের ধারায় ছেদ পড়ার শঙ্কা তৈরি হয়। কিন্তু গোলরক্ষক কেপার বীরত্বে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সার্জিও রামোসের দল।

এই জয়টাকে ইউরো বাছাইয়ের সবচেয়ে কঠিন ম্যাচ হিসেবেই দেখছেন স্পেন মিডফিল্ডার সাউল নিগুয়েজ। তিনি বলেন, ‘রোমানিয়া নিজেদের মাঠে বেশ কঠিন এক প্রতিপক্ষ। তাই বাছাইপর্বের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল এটাই।’

এদিকে স্পেন তাদের নতুন কোচ রবার্তো মানচিনির অধীনে জয়ের ধারা ধরে রেখেছে। স্বাগতিক আর্মেনিয়ার বিপক্ষে অবশ্য শুরুতে ফরোয়ার্ড আলেক্সান্ডার কারাপেতিয়ানের গোলে পিছিয়েই পড়েছিল তারা। ২৮ মিনিটে আন্দ্রেয়া বেলোত্তির গোলে সমতায় ফেরে ইতালি। দ্বিতীয়ার্ধে বেলোত্তির গোল আর লরেঞ্জো পেলেগ্রিনির লক্ষ্যভেদে জয় নিশ্চিত করে আজ্জুরিরা।

তবে দশ জনের আর্মেনিয়ার বিপক্ষেও দলের কষ্টার্জিত এই জয়ে মোটেও সন্তুষ্ট নন মানচিনি। তিনি বলেন, ‘আমি বলেছিলাম এটা কঠিন এক ম্যাচই হবে। আমরা শুরুটা মোটেও ভালো করিনি। এরপর অবশ্য আমরা ফিরে এসেছিলাম এবং এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারতাম।’