সুজানগর (পাবনা) সংবাদদাতা
শুক্র-শনি সরকারি ছুটির দিন। আর এই ছুটির দিন পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত হয়ে ওঠে পাবনার সুজানগরের ঐতিহাসিক গাজনার বিল। প্রতি বছর বর্ষার মৌসুম এলেই গাজনার বিল নতুন পানিতে থই থই করে। আর এ পানি থাকে পৌষ মাস পর্যন্ত। বর্ষার শুরু থেকে পৌষ মাস পর্যন্ত দীর্ঘ এ সময় শত শত সবুজ শ্যামল গ্রাম বেষ্টিত বিশাল বিস্তৃত ঐ গাজনার বিল সত্যিই অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়। সে কারণে এ সময় দূর-দূরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ পর্যটক ছুটে আসেন গাজনার বিলে নৌ-ভ্রমণ করতে। বিশেষ করে শুক্র-শনি সরকারি ছুটির দিনে পর্যটকদের নৌ-ভ্রমণে সত্যিই গাজনার বিল মুখরিত হয়ে ওঠে। পর্যটকদের নৌ-ভ্রমণের জন্য বিলের খয়রান ব্রিজ, চরবোয়ালিয়া এবং বোনকোলা ব্রিজ পয়েন্টে বাণিজ্যিকভাবে রাখা হয়েছে ইঞ্জিনচালিত বড়ো নৌকা ও ডিঙি নৌকা। তাছাড়া পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতে মাঝে-মধ্যে বিলের খয়রান ব্রিজ পয়েন্টে রাখা হয় বিশাল বাইচর নৌকা। পর্যটকরা এসব বাইচর নৌকায়ও বিল ভ্রমণ করে থাকেন। তবে বাইচর নৌকায় সাধারণত স্থানীয় পর্যটকরা ভ্রমণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত্ দেবনাথ বলেন, গাজনার বিল সত্যিই পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করার মতো একটি বিল। ভবিষ্যতে বিলটি যাতে প্রকৃত পর্যটন কেন্দ্রে পরিণত হয় সে উদ্যোগ নেওয়া হবে।
