g বিবিসি
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপারে রুশ নাগরিকদের উল্লেখযোগ্য সহযোগিতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। ওই নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী দলের প্রধান রবার্ট মুলারের দেওয়া একটি সংক্ষিপ্ত আইনি স্মারকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
মুলারের ওই স্মারকে কোহেনের সহযোগিতার বিষয়টি বিস্তারিত বলা হয়েছে। এতে দাবি করা হয়, নির্বাচনের সময় ট্রাম্পের ঘনিষ্ঠ কোহেন রুশ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারা ট্রাম্পকে সহযোগিতা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। মুলারের তদন্তে উঠে এসেছে, ট্রাম্পের নির্দেশনায় কোহেন দুই নারীকে টাকা দিয়েছিলেন। ওই নারীদের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক ছিল। এসব সম্পর্কের ব্যাপারে কথা না বলতেই তাদের টাকা দেওয়া হয়, যা নির্বাচনী প্রচারণার আর্থিক নীতির লঙ্ঘন।
নির্বাচনী প্রচারণার আর্থিক আইন, কর ফাঁকি ও কংগ্রেসকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে কোহেনের কারাদণ্ড পাওয়া উচিত বলে মনে করেন প্রসিকিউটররা। শুক্রবার নিউ ইয়র্কে প্রসিকিউটররা তার শাস্তির মেয়াদের বিষয়ে একমত হন। তদন্তকারীরা কোহেনের চার বছর কারাদণ্ডের দাবি জানিয়েছেন। আগামী বুধবার এই সাজা ঘোষণা করার কথা রয়েছে। রুশ সংশ্লিষ্টতার তদন্তে নতুন এই অগ্রগতির ফলে ট্রাম্প আরও চাপে পড়তে পারেন। কোহেন প্রায় এক দশক ধরে ট্রাম্পের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ট্রাম্পের নির্বাচনকালীন প্রচারণা শিবির ও রাশিয়ার মধ্যে কথিত যোগাযোগের বিষয়ে তদন্ত করছেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। এই তদন্তে এরই মধ্যে ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর নাম এসেছে। এই তদন্তের বিষয়ে প্রকাশ্যে বহুবার সমালোচনা করেছেন ট্রাম্প।
