দীর্ঘ ১৩ বছর পর লঞ্চ চলাচল শুরু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫২

ঢাকা-কলাপাড়া নৌরুট

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

দীর্ঘ ১৩ বছর পর শুক্রবার দুপুরে কলাপাড়ার খেপুপাড়া লঞ্চঘাটে লঞ্চ ভিড়েছে। এতে সাগর ও নদীকেন্দ্রিক কলাপাড়ার ব্যবসায়ী, বৃদ্ধ এবং অসচ্ছল সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সাল পর্যন্ত ঢাকা-কলাপাড়া নৌরুটে দোতলা লঞ্চ সার্ভিস চালু ছিল। নানা কারণে সার্ভিসটি বন্ধ হয়ে যায়। এরপর ঐ নৌরুটে দীর্ঘ ১৩ বছর পর শুক্রবার এমভি রয়েল ক্রুজ-২ নামে একটি দোতলা লঞ্চ ঢাকা থেকে যাত্রী নিয়ে খেপুপাড়া লঞ্চঘাটে এসে ভিড়ে।  স্থানীয় ব্যবসায়ী মো. বশিরউদ্দিন জানান, দোতলা লঞ্চ চালু হওয়ায় আমাদের ব্যাবসায়িক মালামাল অল্প খরচে এবং নির্বিঘ্নে কলাপাড়ায় নিয়ে আসা যাবে। আমরা বাসযোগে রাত জেগে কষ্ট করে ঢাকায় না গিয়ে এখন থেকে বিশ্রামের সঙ্গে ঢাকায় পৌঁছতে পারব। খেপুপাড়া লঞ্চঘাট ইনচার্জ মো. মাহফুজুল হক তানবীর জানান, এখন পর্যন্ত একটি লঞ্চ চলাচলের অনুমতি পেয়েছি। লঞ্চটি একদিন পর পর খেপুপাড়া  থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কিছুদিন পর আরো তিনটি লঞ্চ কলাপাড়ার উদ্দেশ্যে আসার সম্ভাবনা রয়েছে।  ঘাট ইনচার্জ মো. নুরুজ্জামাল খালাসি জানান, দোতলা লঞ্চ সার্ভিস চালু হওয়ায় কলাপাড়ার বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের কুয়াকাটায় আসা-যাওয়ার নিরাপদ ভ্রমণ নিশ্চিত হয়েছে।