নবীনগরের ১০ গ্রামের মানুষের চলাচলের সেতু বেহাল!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫২

দুর্ঘটনায় ২২ বছরে চার জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডসহ ১০ গ্রামের মানুষের চলাচলের জন্য নির্মিত সেতুটি বেহাল হয়ে পড়েছে। গত ২২ বছরে এই ভাঙা সেতুর ওপরে গাড়ি উঠতে গিয়ে এ পর্যন্ত স্থানীয় চার জন নিহত হয়েছেন। সেতুটিতে গাড়ি ওঠার সময় বর্তমানে প্রায়ই দুর্ঘটনায় অনেকে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় কাউন্সিলর আবু হানিফ বলেন, ১৯৮৭-৮৮ সালে ভাটা নদীর ওপর সেতুটি নির্মিত হয়। কিন্তু ৫-৭ বছর আগে জনগুরুত্বপূর্ণ এ সেতুর বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার পরও মারাত্মক ঝুঁকি নিয়ে এলাকার ১০ গ্রামের মানুষ বর্তমানে এই সেতুটির ওপর দিয়ে যাতায়াত করছেন। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে।

সাবেক এমপি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন বলেন, এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে এ পর্যন্ত এলাকার কমপক্ষে চার জন যাত্রীর মৃত্যু হয়েছে। তাই দ্রুত এই সেতুটি নতুন করে নির্মাণ করা না হলে আরো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নবীনগরের উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম জানান, ৩৫ মিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণ করতে প্রায় ২ কোটি টাকা লাগবে। ইতিমধ্যে এলজিইডির প্রজেক্ট ডিরেক্টর আমার কাছে লিখিতভাবে সেতুটি নির্মাণের প্রাথমিক তথ্য চেয়েছে। আশা করছি, খুব শিগিগরই সেতুটি নতুন করে নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।