ভারতের কাশ্মিরে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার সকালে পালেরা এলাকায় বাসটি ১০০ মিটার গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
জম্মু-কাশ্মিরের লোরান থেকে যাত্রীবাহী ওই বাসটি পুঞ্চের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। গতি বেশি থাকায় পালেরার কাছে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এটি এত জোরে নিচে পড়ে যে, খাদের পাথরের ধাক্কায় এর ছাদও উড়ে গিয়েছিল, বলেছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের তাত্ক্ষণিকভাবে পুঞ্চের মান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে পরে হেলিকপ্টারে করে জম্মুতেও নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
