পঞ্চগড় প্রতিনিধি
রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো যাতে পুনরায় স্বাবলম্বী হয়ে উঠতে পারে সেজন্য নানাভাবে সহায়তা করে যাচ্ছে সরকার।
শুক্রবার জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়াস্থ নিজ বাসভবনে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক দুঃস্থ অসহায়দের মাঝে বিতরণকালে এ কথা বলেন তিনি।
সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, দ্রুত গতির অত্যাধুনিক রেল ব্যবস্থার কারণে যাত্রী সেবা বৃদ্ধি, সময় অপচয় রোধসহ চীনের আর্থসামাজিক ক্ষেত্রে এসেছে ব্যাপক পরির্বতন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও অত্যাধুনিক রেল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রীর নির্বাচনী এলাকা বোদা উপজেলার ২৬ জন দুঃস্থ-অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৯ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
