পুকুরে বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে গোলাপ মুহুরীসহ চার জনের বিরুদ্ধে। গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়ায় আলতাব প্রামাণিকের পুকুরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঐ বিষ প্রয়োগ করা হয়। বিষয়টি আলতাব গুরুদাসপুর থানায় মৌখিকভাবে জানিয়েছেন।

মাছচাষি আলতাব প্রামাণিক অভিযোগ করেন, তিনি পাশাপাশি ১০ বিঘার দুটি পুকুরে মাছ করছেন। এক বছর আগে ১৫ লাখ টাকা ব্যয়ে পুকুর দুটিতে রুই, কাতলা, মৃগেল, সিলভারসহ প্রায় ১০ প্রজাতির মাছ চাষ শুরু করেন। অভিযুক্ত আলমামুন ও গোলাপ মুহুরী তার আপন ভাই। পুকুরে আলমামুন ও গোলাপ মুহুরীর দুই বিঘা জমি থাকায় বছরভিত্তিক ৭০ হাজার টাকায় লিজ নিয়েছেন তিনি। কিন্তু টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় বিষ প্রয়োগে তার ৫০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।

অভিযুক্তদের পক্ষে গোলাপ মুহুরী পুকুরে বিষ প্রয়োগের কথা স্বীকার করে বলেন, ঐ পুকুরে আমাদের জমি রয়েছে। এ নিয়ে থানায় সালিশ হওয়ার পর আলতাব পুকুর থেকে তার চাষের মাছ বিক্রি করেছেন। এখন পুকুরে যে মাছ আছে তা বর্ষাকালীন মাছ। এই মাছ অপসারণ করে আমরা মাছ চাষ করব। এ কারণে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম বলেন, পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে তিনি মৌখিকভাবে শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেননি।