সিরিয়ায় হামলার বিষয়ে ‘মিথ্যা’ তথ্যে রাশিয়াকে অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:১৫

g এএফপি

সিরীয় বিদ্রোহীদের ব্যবহার করা রাসায়নিক অস্ত্রের ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন শুক্রবার রাশিয়াকে অভিযুক্ত করেছে। এ ধরনের হটকারিতামূলক কাজ করে অস্ত্র বিরতির ক্ষতিসাধনের বিরুদ্ধে মস্কোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ নভেম্বর বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো নগরীতে হামলায় ক্লোরিনযুক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। এদিকে সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আলেপ্পো নগরীতে বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্রের হামলায় প্রায় ১শ সিরীয়কে শ্বাসক্রিয়ার জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্রোহীদের এমন হামলার জবাবে রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি ইদলিবে বিমান হামলা চালায়। এতে মধ্য-সেপ্টেম্বরে করা একটি অস্ত্র বিরতি চুক্তি প্রশ্নের মুখে পড়ে।