সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে শুক্রবার শিশুদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়।  কিন্ডার গার্টেন উন্নয়ন সংস্থার উদ্যোগের এ মেধা বৃত্তি প্রদান করা হয়। জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে রাইজিং সান একাডেমি স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষানুরাগী মো. আবুল কাশেম দানা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১০ নম্বর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজীব আহমেদ রাজ্জী। ইকরা কিন্ডার গার্টেন এর পরিচালক আবু ছাদেক সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলি চাইল্ড কিন্ডার গার্টেন-এর পরিচালক নূরে আলম সিদ্দিকী, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান  শিক্ষক স্বদেশ চন্দ্র দেবনাথ।

তিতাসে দুই উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে শুক্রবার দুটি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে গৌরীপুর-হোমনা সড়ক থেকে কলাকান্দি তেতুইয়ারামপুর সড়কের ১৪শ মিটার সড়ক উন্নয়ন এবং মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভুঁইয়া, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু প্রমুখ।

বিআরটিসির দ্বিতল বাস উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে বিআরটিসির দ্বিতল বাস উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

এ উপলক্ষ্যে নজরুল মঞ্চ সংলগ্ন আয়োজিত অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড কমিশনার আজহার উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান প্রমুখ।

সাতক্ষীরায় মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় শুক্রবার সকালে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বেগবান করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে প্রেসক্লাব হলরুমে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সাতক্ষীরার সভাপতি আবুল বাসারের  সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য ও সিনিয়র সংবাদিক কল্যাণ ব্যানার্জি। এ সময় আরো বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী প্রমুখ।

শ্যামনগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ ৩০ বছর বয়সের অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে।  শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলা সদরের সন্নিকটে শ্যামনগর পেট্রোল পাম্প সংলগ্ন ধান খেত হতে পুলিশ লাশটি উদ্ধার করে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন যুক্তরাষ্ট্রে ভ্রমণে যাওয়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) জাকির হোসেন সম্প্র্রতি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জাকির হোসেন উপজেলা পরিষেদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এটি স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত অফিস আদেশ।

১৫১ মেধাবী পেল জেলা পরিষদের বৃত্তি

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ জেলার ১৫১ মেধাবী ছাত্রছাত্রীকে বৃহস্পতিবার বিকালে এককালীন বৃত্তি দিয়েছে জেলা পরিষদ। জেলা পরিষদের হল রুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু। পরে অতিথিরা জেলার ১৫১ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে বৃত্তির ৫ হাজার টাকা তুলে দেন।

সড়ক নির্মাণকাজের উদ্বোধন

কালিয়া (নড়াইল) সংবাদদাতা কালিয়ায় শুক্রবার প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার চাচুড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ঐ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের এমপি মো. কবিরুল হক মুক্তি। এ সময় চাচুড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমদ্দার, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির প্রমুখ।

কুমুদিনী নার্সিং কলেজে নির্মলা অ্যাওয়ার্ড প্রদান

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমুদিনী নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্যাপিং অনুষ্ঠান এবং দক্ষ নার্সদের নির্মলা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে শুক্রবার। কুমুদিনী কমপ্লেক্সের মীর্জা হলে এ উপলক্ষ্যে ক্যাপিং অনুষ্ঠান, নির্মলা অ্যাওয়ার্ড প্রদান এবং অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক উম্মে হামিমা মোরশেদা। কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক প্রতিভা মুত্সুদ্দি।

নবীনগরে মতবিনিময় সভা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাত্র ও যুব নেতা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সফিকুল ইসলাম বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও সন্ধ্যায় মতবিনিময় সভা করেছেন। পৌরসভার ২নং ওয়ার্ডের ফজলুল করিম মার্কেট মাঠে এলাকার জনগণের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন। মো. হুমায়ুন মাস্টার এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, আমার বিশ্বাস সাংগঠনিক দক্ষতা বিবেচনায় এনে দল আমাকেই মনোনয়ন দিবে। সভায় এলাকার মুরুব্বী, জনপ্রতিনিধি ও দলের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরে আইসিটির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং আইসিটি শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উদ্যোগে উপজেলার সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে ঐ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত্ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন খান।

বাঘায় ইয়াবাসহ নারী চোরাকারবারি আটক

বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘা সীমান্ত এলাকায় নিজের দেহে জড়িয়ে এক হাজার পিস ইয়াবা পাচারকালে বিজিবির হাতে আটক হয়েছে ফরিদা পারভীন নামে এক নারী চোরাকারবারি। শুক্রবার উপজেলার আলাইপুর বিজিবির একটি টহল দল গোকুলপুর খেয়াঘাটে অভিযান চালিয়ে ঐ নারীকে আটক করে। ফরিদা পারভীন পার্শ্ববর্তী চারঘাট উপজেলার রাওথা গ্রামের জানআলমের স্ত্রী। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাইপুর সীমান্তরক্ষী বিজিবি ক্যাম্পের পক্ষে  নায়েক সিদ্দিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।

সাত সাংবাদিককে সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধি সাংবাদিক সংগঠন ‘মৈত্রী মিডিয়া সেন্টার’ বৃহস্পতিবার রাতে মাদারীপুর জেলার সাত সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে। একই সময়ে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান বাদল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানে যাদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয় তারা হলেন শাহজাহান খান (ইত্তেফাক), সুবল বিশ্বাস (জনকণ্ঠ), জাহাঙ্গীর কবির, সেলিম ফরাজী, ইয়াকুব খান শিশির, আয়শা সিদ্দিকা আকাশী এবং খালেদুর রহমান বেলাল খান।

মাদকবিরোধী যুব সমাবেশ ও বাইসাইকেল র্যালি 

মাগুরা প্রতিনিধি মাগুরায় শুক্রবার সকালে মাদকবিরোধী যুব সমাবেশ ও বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত  হয়েছে। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে মাগুরা নোমানী ময়দানের আছাদুজ্জামান মিলনায়তনে এ মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সফিয়ান। এ সময় জেলা প্রশাসক মো. আলী আকবর সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।

ডায়াবেটিক সমিতির সেবা দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সেবা দিবস পালিত হয়েছে। মাদারীপুর ডায়াবেটিক সমিতি ডায়াবিটিস হাসপাতালে দিনভর বিনামূল্যে রোগ নির্ণয় ও পরীক্ষার আয়োজন করে। মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি কাজী হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি। আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, সাবেক মেয়র চৌধুরী নুরুল আলম বাবু প্রমুখ।

দুর্নীতি প্রতিরোধ সচেতনতামূলক আলোচনা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে বৃহস্পতিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শাখার উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ সচেতনতামূলক এ আলোচনা অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও দুপ্রক সাধারণ সম্পাদক ডা. মো. আমিনুর রহমান লরেন্সের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. মিজানুর রহমান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী।

সিরাজগঞ্জে বৃক্ষমেলা শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ সিরাজগঞ্জ এর উদ্যোগে শুক্রবার সকালে সাত দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় মুক্তির সোপানে মেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুল হক, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।

 

 

০