বিবিসি
পাকিস্তানের অন্যতম আলোচিত ‘অনার কিলিং’ বা ‘সম্মান রক্ষার্থে হত্যা’ ঘটনার মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ওমর খান, সাবির এবং সাহির। নিহত তিন নারীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা।
২০১১ সালে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিওটিতে দেখা যায়, হত্যার শিকার ওই তিন নারী গান গাইছেন এবং হাততালি দিচ্ছেন। সেই ভিডিও প্রকাশের জেরে তাদেরকে হত্যা করা হয়। তাদের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। সেসময় ওই নারীদের সঙ্গে থাকা দুই জন পুরুষ এখনো পলাতক। ঘটনার সঙ্গে জড়িত আরো দুই জন নারীর ভাগ্যে কী ঘটেছে, সেটাও এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের পর সহিংস সংঘাতে আরও চার জন নিহত হয়েছিল। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি আদালত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক পাঁচ ব্যক্তিকে মামলা থেকে খালাস দিয়েছে। কেন হত্যা করা হয়েছিল ওই নারীদের কিংবা তখন কী ঘটেছিল, তার বিস্তারিত জানা যায়নি। ২০১১ সালে ভিডিওটি প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, কয়েকজন নারী একটি বিয়ের অনুষ্ঠানে গান গাইছেন এবং হাততালি দিচ্ছেন। তাদের নাম বাজিগা, সিরিন জান, বেগম জান এবং আমিনা। শাহিন নামের ১৮ বছরের কম বয়সী এক জন নারীও সেখানে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে এক জন পুরুষকেও নাচতে দেখা যায়।
