লক্ষ্মীছড়িতে ২টি ভোট কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২১

লক্ষ্মীছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ২টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানা গেছে। উক্ত ২টি কেন্দ্রের মধ্যে ১টি লক্ষ্মীছড়ি ইউনিয়নে শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। যেখানে ভোটার সংখ্যা ৯৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮৪ এবং নারী ভোটার ৪৪৬ জন। অপরটি বর্মাছড়ি ইউনিয়নে ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানে ভোটার সংখ্যা ৯৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১৩ এবং নারী ভোটার ৪৮২ জন।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ভোটার ১৮ হাজার ২৯৯ জন। পুরুষ ভোটার নয় হাজার ৩৩৬ জন এবং নারী ভোটার ৮ হাজার ৯৩৩ জন। সদর লক্ষ্মীছড়ি ইউনিয়নে মোট ভোটার আট হাজার ২১৪ জন, দুল্যাতলী ইউনিয়নে পাঁচ হাজার ২৮৩ জন ও বর্মাছড়ি ইউনিয়নে চার হাজার ৮০২ জন ভোটার রয়েছে। ৩৬টি কক্ষ নিয়ে মোট ভোট কেন্দ্র ১১টি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল জানান, প্রত্যন্ত এলাকায় ফুত্যাছড়ি ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বাকি কেন্দ্রগুলোতে আগের মতোই যেতে হবে।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্নেল মো: মিজানুর রহমান বলেন, ২৫/৩০ কি: মি: দুর্গম ভোটকেন্দ্রগুলো সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টার ব্যবহারের কথা জানিয়ে ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতা নিয়ে ভোট কেন্দ্র প্রস্তুত করার কাজ চলছে।