মেহেরপুর শহরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, থানায় মামলা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরের বোসপাড়ায় ১০ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম (৬৫) নামের এক প্রাক্তন বিডিআর সদস্যর বিরুদ্ধে।

গত বুধবার বিকাল ৩টার দিকে বোসপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির মা।

ধর্ষিতা শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে জানায়, ঘটনার সময় সে একটি গাছে পাতা পাড়তে উঠেছিল। তাকে ফুসলিয়ে কিছু খেতে দেওয়ার নাম করে বাসায় ডেকে নিয়ে খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ায়। পরে অচেতন হয়ে পড়লে  রফিকুল ইসলাম শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে এ কথা কাউকে না বলার জন্য ভয় দেখায়। কাউকে বলে দিতে গলাকেটে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয় বলে শিশুটি জানায়। বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জানাজানি হলে এলাকার লোকজন একত্রিত হয়ে রফিকুল ইসলামের বাড়ির সামনে বিক্ষোভ করে। এর আগে ঘটনা টের পেয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম এলাকা ত্যাগ করে আত্মগোপন করে।

ধর্ষিতার মা জানান, তিন মাস বয়সের শিশুকে ফেলে তার বাবা চলে গেছে। আমি মানুষের বাড়িতে কাজ করে পাগল মেয়েটাকে মানুষ করছি। ঐ বিডিআর আমার মেয়ের সর্বনাশ করল। তার বিচার কে করবে?

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ কুমার রায় জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার একটি মামলা দায়ের করেছেন। শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার পর শিশুটির মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।