স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে এক ছাত্রীকে যৌন হয়রানি এবং দুর্নীতির মামলায় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে নগরীর কাটাখালি এবং জেলার মোহনপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এরা হলেন: কাটাখালি পৌরসভার সাবেক মেয়র প্রার্থী অধ্যাপক সিরাজুল ইসলাম এবং মোহনপুরের কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো।
পুলিশ জানায়, সিরাজুল ইসলাম কাটাখালি আদর্শ কলেজের শিক্ষক। তার বাড়ি কাটাখালি পৌরসভার শ্যামপুর গ্রামে। কাটাখালি পৌরসভার বিগত নির্বাচনে সিরাজুল ইসলাম মেয়র প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য। বৃহস্পতিবার রাতে কাটাখালি আদর্শ কলেজের এক ছাত্রী থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এজাহার দাখিল করলে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
অন্যদিকে আলাউদ্দিন আলোকে বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার দর্শনপাড়ার এক বিএনপি নেতার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। আলাউদ্দিন কেশরহাট পৌর বিএনপির সভাপতি। তার বাড়ি পৌরসভার নাকইল গ্রামে। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, উপজেলার কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা রয়েছে। সম্প্রতি আদালত থেকে এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।
