পীরগাছায় বিয়ের প্রলোভন দিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুরের পীরগাছায় বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় তিন জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পবিত্রঝাড় গ্রামে। পুলিশ  এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ধর্ষিতা ছাত্রীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া গ্রামের শেখ আহমেদের ছেলে মুরাদ আহমেদের (২২) সঙ্গে আট মাস আগে ঐ শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে মুরাদ তার বন্ধু  মেয়েটিকে তাদের বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করতে থাকে। গত ৩১ আগস্ট মুরাদ ঐ শিক্ষার্থীকে বিয়ের কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় মুরাদের মা ও ভাই ক্ষিপ্ত হয়ে ওঠেন। মুরাদ সেখান থেকে পালিয়ে গেলে মেয়েটিকে মুরাদের পরিবারের লোকজন মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে এলাকাবাসী উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মুরাদসহ তিন জনকে আসামি করে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।