পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু ক্ষিতিশ চন্দ্র মজুমদারের বসতঘর ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মালামাল লুটপাটসহ বিভিন্নস্থানে নির্যাতন, অপহরণ ও ধর্মান্তরিত করার প্রতিবাদে গতকাল শুক্রবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি অতুল চন্দ্র দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তারক চন্দ্র সাহা, জেলা কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য তপন কুমার কর্মকার, জেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বেতাগী সানকিপুর ইউপি সদস্যা মহিলা আওয়ামী লীগের নেত্রী পশারী রানী, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিভা রানী প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষিতিশ চন্দ্র ৪০ বছর ধরে তার পৈতৃক ১০ শতাংশ জমিতে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে ভোগদখল করে আসছেন। গত ২৫ আগস্ট এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় স্থানীয় ভূমিদস্যু জহিরুল ইসলাম সিকদার ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে ক্ষিতিশ চন্দ্র মজুমদারের বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এসময় বাঁধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে চার বছরের শিশু এবং অন্তঃসত্ত্বা অঞ্জুরানীসহ ১০ জনকে গুরুতর জখম করে। এছাড়া বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ মালামাল লুট করে নিয়ে যায়। এমনকি আহতরা চিকিত্সা নিতে গেলে সেখানেও বাঁধার সৃষ্টি করে তারা। এ ঘটনায় ক্ষিতিশের ছোটো ভাই যতিন চন্দ্র মজুমদার বাদী হয়ে জহিরুল ইসলাম সিকদারসহ ১০ জনকে আসামি করে দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন।
