এক মাসের ব্যবধানে রাজধানীর বাজারে প্রতি কেজি চিনিতে চার টাকা বেড়েছে। দাম বাড়ার তালিকায় আছে ব্রয়লার মুরগি। এছাড়া কিছুদিন ধরে সবজির বাজারও চড়া। ব্যবসায়ীরা বলেছেন, বাজেটে চিনির ওপর কর বাড়ানোর প্রভাবে দাম বাড়ছে চিনির। এতদিন আগের কম দামে আমদানি করা চিনি বিক্রি হচ্ছিল তাই দাম বাড়েনি। এখন নতুন আমদানি করা চিনি বাজারে আসছে। ফলে বেশি দাম পড়ছে এ চিনির।
বাজেট অপরিশোধিত চিনির টনপ্রতি আমদানি শুল্ক ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। এছাড়া নিয়ন্ত্রণমূলক শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়। শুল্ক বাড়ানো হয়েছে পরিশোধিত চিনিতেও। এ ক্ষেত্রে আমদানি শুল্ক দেড় হাজার টাকা বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়।
গতকাল শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও শান্তিনগরসহ বিভিন্ন খুচরাবাজারে প্রতি কেজি চিনি ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। যা এক মাস আগেও ছিল ৫৪ থেকে ৫৬ টাকা। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসেবে গত এক মাসে প্রতি কেজি চিনিতে দাম বেড়েছে সাত শতাংশের বেশি।
এদিকে কিছুদিন ধরেই রাজধানীতে সবজির বাজার চড়া। বিভিন্ন ধরনের সবজির মধ্যে কাকরোল ৫০ টাকা, পটল ৪০ টাকা, করল্লা ৭০ থেকে ৮০ টাকা, সিম ১০০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা, ঢ্যাঁড়শ, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, শশা ৪০ থেকে ৫০ টাকা, টম্যাটো ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কচুরমুখি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৫০ থেকে ৬০ টাকা ও বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজারে একচ্ছত্র দাপট ইলিশের। ক্রেতাদের পছন্দের তালিকায় এক নম্বরে ইলিশ। ইলিশের মৌসুম হওয়ায় বাজারে যেমন সরবরাহ বেশি তেমনি দামও তুলনামূলক কম। তাই বাজারে গিয়ে ইলিশ মাছ কিনছেন না এমন ক্রেতা এখন কমই আছে। বর্তমানে খুচরা পর্যায়ে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১১০০ টাকায়। ১২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় ১২০০ টাকায়। এছাড়া মাঝারি আকারের ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হয় সাড়ে ৫০০ থেকে ৭০০ টাকায়। অন্য মাছের মধ্যে রুই, কাতলের কেজি ২৬০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ১৫০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকা, চাষের শিং ৩৫০ থেকে ৬০০ টাকা, চাষের কৈ ১৪০ থেকে ২০০ টাকা, টেংরা সাড়ে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কম থাকলেও এ সপ্তাহে কেজিতে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এছাড়া পাকিস্তানি কক ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৮০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি।
