শিবালয়ে ২০০ একর জমিতে জলাবদ্ধতা, বন্ধ চাষাবাদ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৩

শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের তিনটি গ্রামের মধ্যে রাস্তার পানি নিষ্কাশনের জন্য কোনো ব্রিজ-কালভার্ট না থাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির ফলে অন্তত ২০০ একর জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে। এতে কৃষকেরা পড়েছেন মহা সমস্যায়। এছাড়া, জলাবদ্ধতা সৃষ্টির ফলে বেড়ে গেছে মশা-মাছির উপদ্রব। আর জলাবদ্ধতার ফলে সৃষ্টি জলাশয়ের নোংরা পানি ব্যবহার করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

জানা গেছে, তেওতার শাহজাহানপুর, জমদুয়ারা, সমেজঘর-বালিয়াডাঙ্গা গ্রামের মাঝখানে অবস্থিত ২০০ একর জমিতে বোরো, আমনসহ বিভিন্ন ফসল এবং রাস্তা ও বাড়ির পাশে শাক-সবজির আবাদ হতো। গত চার বছর যাবত্ এ সব জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সমস্ত জমি কচুরিপানা, জলজ উদ্ভিদ, আগাছায় ভরে গেছে। এ জলাভূমি বর্তমানে এলাকায় ‘সাজাপুর পদ্ম বিল’ নামে পরিচিত হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি মেম্বর আরজু মল্লিক জানান, জলাবদ্ধতা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে জমিতে চাষাবাদ বন্ধের সঙ্গে সঙ্গে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়েছে।

তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, এ তিনটি গ্রামের পাশে ৪ কিলোমিটার রাস্তার মাঝে নির্মিত কালভার্টের মুখ পলি জমে বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি আটকে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রতি বছর বিপুল পরিমাণ ফসলহানিসহ পরিবেশ বিনষ্ট হচ্ছে।