সাভারে নিরাপদ সড়ক ও গতিরোধকের দাবিতে মানববন্ধন, সমাবেশ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৬

সাভারে নিরাপদ সড়ক ও গতিরোধক নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর বাসস্ট্যান্ডে আয়োজিত এই মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, এএম ইন্টরন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ও আলমনগর সুগন্ধা হাউজিংয়ের বাসিন্দা নিশাত পারভিন রশ্মির অতি সম্প্রতি বিয়ে হয় রাজধানীর মিরপুরে। গত রবিবার নব বিবাহিত নিশাত বাবার বাড়িতে আসার সময় আলমনগর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মারা যান। এছাড়া গত কয়েক মাসে ঐ স্থানে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করে অনতিবিলম্বে সেখানে দুটি গতিরোধক নির্মাণের দাবি জানান তারা। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর পৃথক আবেদন করা হয়েছে বলে জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া এএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু বলেন, আলমনগর বাসস্ট্যান্ডটি অত্যন্ত ব্যস্ত এলাকা হয়ে পড়েছে। গত কয়েক মাসে এখানে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং পঙ্গু হয়েছে অনেকেই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অনতিবিলম্বে আলমনগর বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধক নির্মাণ জরুরি। মানববন্ধন ও সমাবেশশেষে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।