সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারে ডাকাতদের ছুরিকাঘাতে নদীতে পড়ে নিখোঁজ সুকানি (চালক) রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে গোদনাইল মেঘনা ডিপোসংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জানা যায়, বুধবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের সাধুরঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ডাকাতের কবলে পড়ে ৬টি ট্রলার। এসময় এম ভি ওলির সুকানি রশিদ পাটোয়ারী (৩২) ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরদিন দিনভর নদীতে তল্লাশি করেও তার সন্ধান পায়নি ডুবুরি দল।
