কাশ্মীর নিয়ে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখাবে পাকিস্তান :ইমরান খান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীর ইস্যুতে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখানো হবে। আর এই সম্ভাব্য ভয়াবহ পরিণামের জন্য বিশ্ববাসী দায়ী থাকবে বলে তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে ইমরান খান এই মন্তব্য করেন। খবর ইন্ডিয়ান টাইমস ও ডনের

পাকিস্তান রেডিও প্রধানমন্ত্রী ইমরান খানের বিবৃতিটি প্রচার করেছে। এতে বলা হয়েছে, পাকিস্তান যুদ্ধ চায় না। একইসঙ্গে দেশের নিরাপত্তা এবং অখণ্ডতার ওপর কোনো আঘাত আসলে পাকিস্তান হাত গুটিয়ে বসে থাকবে না। শত্রুকে সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে। তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আর এই ভয়াবহ ফলাফলের জন্য বিশ্ববাসী দায়ী থাকবে উল্লেখ করেন ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান। এদিকে প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া গতকাল পাকিস্তানশাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পরিদর্শন করেছেন। ১৯৬৫ সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছিল পাকিস্তান। সেই যুদ্ধের অন্যতম ইস্যু ছিল কাশ্মীর। ১৯৬৫ সালের যুদ্ধে নিহত সেনাসদস্যদের সম্মানে প্রতি বছর ৬ সেপ্টেম্বরকে প্রতিরক্ষা দিবস হিসেবে পালন করে পাকিস্তান।