রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অস্ট্রেলিয়া কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ব্লু-ইকোনমি বিষয়ক মন্ত্রী পর্যায়ের দুইদিনব্যাপী সম্মেলনে যোগদানের জন্য তিন দিনের সফরে ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও দুই পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান। তিনি ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে ভিসা অফিস পুনরায় চালুর অনুরোধ জানান। সম্প্রতি এই অফিস দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। জবাবে পেইন বলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এসব বিষয় বিবেচনা করা হবে।

এদিকে একই দিন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য একটি ‘কোস্টাল শিপিং এগ্রিমেন্ট’ স্বাক্ষরের ওপর জোর দিয়েছেন। এছাড়া মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় ওষুধ সামগ্রী আমদানির কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।