ব্যাগে ভরে একটি সদ্যোজাত শিশুকে ফিলিপাইন থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করায় এক মার্কিন নারীকে মানব পাচারের অভিযোগে আটক করেছে ফিলিপাইনের পুলিশ। গত বুধবার ৪৩ বছর বয়সি মার্কিন নারী জেনিফার ট্যালবটকে ম্যানিলার নিনোয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
ঐ মার্কিন নারী তার বহন করা ব্যাগে ছয় দিন বয়সি শিশুটিকে নিয়ে যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার চেষ্টা করেছিলেন। ফিলিপাইনের ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই)-এর অভিযোগ, বিমানে ওঠার আগে জেনিফার তার ব্যাগে থাকা শিশুটির বিষয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের কিছুই জানাননি। বাচ্চাটিকে লুকিয়ে দেশ থেকে নিয়ে যেতে চেয়েছিলেন। সদ্যোজাত ঐ শিশুকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। শিশুটির বাবা-মায়ের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনে মামলা হয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। এনবিআই আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওহাইওর বাসিন্দা জেনিফার শিশুটির বোর্ডিং পাশ বা এ-সংক্রান্ত কোনো কাগজপত্রই দেখাতে পারেননি। কমলা রঙের পোশাক পরিহিত ঐ নারীকে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়। সেখানেই কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগের কথা জানালেও জেনিফার কোনো মন্তব্য করেননি। দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন সাজা হতে পারে।
