পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:২১

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। গতকাল শুক্রবার রাতে তাকে কলকাতার উডল্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার রক্তচাপ খুবই কম। খবর পেয়েই হাসপাতালে চলে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, কংগ্রেসের এমপি প্রদীপ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ ৭৫ বছরের বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডিতে ভুগছেন তিনি। এছাড়া বার্ধক্যজনিত সমস্যা রয়েছে। হাসপাতালের চিকিত্সায় অনীহা থাকায় কলকাতার পাম অ্যাভিনিউর দুই কামরার ঘরেই তার চিকিত্সা চলছিল। শুক্রবার রাতে তিনি অজ্ঞান হয়ে যান। প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে আনার পর তার রক্তচাপ ছিল ৭০/৫০। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণও কম।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ‘বুদ্ধদেববাবুকে রক্ত দেওয়া হচ্ছে। আসা করি উনি সুস্থ হয়ে উঠবেন।’ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তার চিকিত্সায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালে রয়েছেন বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা।