রাইদা বাসের সুপারভাইজার আটক

উত্তরায় বেপরোয়া বাসের ধাক্কায় পা ভাঙল পথচারীর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৫

রাজধানীর উত্তরায় বেপরোয়া বাসের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী গুরুতর আহত হয়েছেন। ঐ পথচারীর নাম মো. অলিউল্লাহ (৭০)। গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তরা ১২ নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাইদা বাসের সুপারভাইজার শেখ সাদি ও বাসটিকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ট্রাক শ্রমিকরা জানান, গতকাল সন্ধ্যায় উক্ত স্থানে হেঁটে বাসায় ফিরছিলেন বৃদ্ধ মো. অলিউল্লাহ। এ সময় রাইদা পরিবহনের খালি বাসটি রাস্তার উলটো দিক থেকে দ্রুতগতিতে এসে অলিউল্লাহকে চাপা দেয়। এতে অলিউল্লাহর ডান পা ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহিদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।

তুরাগ থানার এসআই মো. সজল জানান, দুর্ঘটনার পর গাড়ি চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে।

জানা গেছে, অলিউল্লাহর গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার কালমা গ্রামে।