আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর’কে নিজের সঞ্চয় উপহার দিলেন শিক্ষক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৩

বান্দরবান প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং’কে সঞ্চয়ের জমানো টাকা’সহ মাটির ব্যাংক উপহার দিলেন তার শিক্ষক মাসিক চিম্বুক পত্রিকার সম্পাদক বাদশা মিঞা মাস্টার। গতকাল শনিবার দুপুরে বান্দরবান শহরের পুরাতন সিনেমাহল মাঠে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এসময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু, এমএ হাকিম চৌধুরী, মিলন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় পাঁচবারের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং বলেন, ভুলত্রুটির ঊর্ধ্বে কেউ নন। আমার জীবনে যেমন সফলতা রয়েছে, তেমনি ব্যর্থতাও কম নয়। আমার শ্রদ্ধেয় শিক্ষক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাকে সঞ্চয়ের জমানো টাকা’সহ মাটির ব্যাংক উপহার দিয়েছেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আমি এটি আজীবন রেখে দিব। আমার সন্তান এবং উত্তরসূরিদের গর্ব করে দেখানোর জন্য। একজন ছাত্রের কাছে শিক্ষকের দেওয়া উপহার অনেক বড় আশীর্বাদ। আমি সত্যিই ভাগ্যবান বান্দরবান জন্মাতে পেরে।

শিক্ষক বাদশা মিঞা মাস্টার বলেন, বীর বাহাদুর উশৈসিং আমার ছাত্র, এটি বলতে আমার গর্বে বুক ভরে উঠে। একাদশ নির্বাচনেও সে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন। নির্বাচনের জন্য অনেক টাকা দরকার। আমার সেই সাধ্য নেই। কিন্তু আমার সামান্য সঞ্চয় ছাত্রকে দিতে পেরে গর্ববোধ করছি।