অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে দৈনিক ইত্তেফাক অফিস মিলনায়তনে ‘শিশু নির্যাতন ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় মন্ত্রী বলেন, সম্প্রতি শিশু নির্যাতনের ঘটনা কমেছে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা প্রশংসা করার মত। শিশুদের শাস্তি নয়, বরং সামাজিক ভাবে তাদের বোঝাতে হবে। এক্ষেত্রে সমাজ ও পরিবারকে এগিয়ে আসতে হবে। আজকের শিশুদের সুন্দর একটি বাংলাদেশ দিয়ে যেতে চাই। যারা আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।
শনিবার সকালে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কামাল হোসেন, এএসডির নির্বাহী পরিচালক জামিল হোসেন চৌধুরী, মো. মোজাম্মেল হক, এমএ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের ডা. ইসরাত জাহান, দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার আবুল খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. তৌহিদুল হক, অবসরপ্রাপ্ত সচিব আনোয়ারুল সিকদার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, শিশু সুরক্ষা ও মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী রাফেজা শাহীন, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের আবদুছ সহিদ মাহমুদ, ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা, সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা কার্যক্রম পরিচালক আবদুল্লা আল মামুন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফারুখ আহমেদ, ইউনিসেফ প্রতিনিধি হাসিনা বেগম, ব্রেকিং দ্য সাইলেন্সের আফসান চৌধুরী, এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশের চায়না রানী সাহা, আইএলও প্রোগ্রাম অফিসার সৈয়দা মুনিরা সুলতানা, আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব, বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাড. মাকছুদা আখতার।
স্বাগত বক্তব্য রাখেন, এএসডির নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী। বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন, মনিটরিং এন্ড ইভালুয়েশন, এএসডির ম্যানেজার লুৎফুন নাহার কান্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ৭১ টেলিভিশনের ফারজানা রুপা।
দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন বলেন, শিশু নির্যাতন রুখতে আমাদের বাস্তব ও যুগোপযোগী ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে। শেষে অতিথি আপ্যায়নের মধ্যদিয়ে বৈঠক শেষ হয়।
ইত্তেফাক/অনি

