এক বোয়াল অর্ধলাখ টাকা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল শনিবার উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ২৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ অর্ধলাখ টাকায় বিক্রি হয়েছে। ক্রেতা বেশি দামে বিক্রির আশায় বিশাল আকারের মাছটি ঢাকায় পাঠিয়েছেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রাম এলাকায় পদ্মা নদী থেকে মাছটি শিকার করেন স্থানীয় জেলে মোতালেব হালদার ও তার সঙ্গীরা। পরদিন সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তদার শাজাহান শেখ প্রতি কেজি দুই হাজার টাকা দর মিটিয়ে নগদ ৪৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।  মাছটির বিক্রেতা জেলে মোতালেব হালদার বলেন, ‘অনেক বছর আগে থেকে আমি পদ্মা নদীতে জাল বেয়ে মাছ ধরার কাজ করে আসছি। তবে বহুদিন পর এমন আকারের বোয়াল মাছ আমার জালে ধরা পড়লো।’

আড়তদার শাহজাহান শেখ বলেন, ‘বড় আকারের বোয়াল মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই ৪৯ হাজার টাকায় বোয়াল মাছটি কিনে বেশিদামে বিক্রির আশায় ঢাকায় পাঠিয়েছি।’