কাছে কাঁঠাল গোঁফে তেল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৯

 

  এম মনির

 

আবুল সেদিন রাস্তা দিয়ে

মনের সুখে হাঁটছিল,

একটু দূরে রসুলপুরে

মস্ত বড় মাঠ ছিল!

 

মাঠের মাঝে জটলা করে

একটা মাইক বাজছিল,

আবুল সেথায় পা বাড়ালো

যদিও তার কাজ ছিল!

 

দেখল সেথায় লটারি সে

টিকিট সবাই কিনতাছে,

কাটবে নাকি একটা টিকিট

করল খানিক চিন্তা সে!

 

অবশেষে টিকিট কিনে

আবুল মিয়া ভাবে,

জিতলে এবার কোটি টাকা

কে আর তাকে পাবে!

 

বউয়ের জন্য কিনবে গয়না

শাড়ি-চুড়ি আরো, 

মেয়ের জন্য জামাকাপড়

কমসে হলেও বারো!

 

বাড়ির সামনে করবে বাড়ি

আনবে কিনে খাট, 

পুকুর খনন করবে সাথে—

শান বাঁধানো ঘাট!

 

গরুর খামার দেবে সে আর

করবে মাছের চাষ,

বাজার থেকে আনবে কিনে

দেশি মুরগি-হাঁস!

 

এমনি ভেবে আবুল মিয়ার

দিন কেটে যায় বেশ,

আজ লটারির ড্র হবে তাই

দুঃখ তাহার শেষ!

 

খানিক বাদে রেজাল্ট এল

নাই আবুলের বেল,

একেই বলে গাছে কাঁঠাল

গোঁফে মাখে তেল!

 

মহাখালী, ঢাকা।