বিনোদন রিপোর্ট
অনেকদিন নিয়মিত সিনেমা পাওয়া যাচ্ছে না চিত্রনায়িকা নিপুণকে। তবে মাঝে মাঝেই নাটক বা অন্য কাজের মধ্য দিয়ে পাওয়া যায় তাকে।
এবার নিপুণের ভক্তদের জন্য আসছেন নতুন চমক। এবার মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি। তাও আবার নিজের বোনের গানের মিউজিক ভিডিওতে। ‘রঙ’ শিরোনামে এই মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে ১২ সেপ্টেম্বর। এটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে।
এর আগে অনেক মিউজিক ভিডিওর প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তবে ‘রঙ’-এ মডেল হওয়া প্রসঙ্গে নিপুণ বলেন, ‘মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তাব আমার কাছে নতুন নয়। অনেক মিউজিক ভিডিওর জন্য প্রস্তাব পেয়েছি। আগ্রহও ছিল। কিন্তু এমন একটি কাজ করতে চেয়েছি যা আলোচনায় আসবে এবং মানসম্মত। এই মিউজিক ভিডিওর কাজ আমি নিজের হাতেই করেছি। মিউজিক ভিডিওটির আয়োজনের কোনো ঘাটতি রাখা হয়নি। এই মিউজিক ভিডিওর গানের গায়িকা আমার আপন বোন পলিন।’
লন্ডন প্রবাসী পলিন মূলত একজন কণ্ঠশিল্পী। গানের সঙ্গে জড়িয়ে আছেন ছোটবেলা থেকেই। যদিও এর আগে আনুষ্ঠানিকভাবে নিজের গান প্রকাশ করা হয়নি তার।
