বল হাতে এই সময়ে সেরাদের একজন রশিদ খান। ব্যাটেও আস্তে আস্তে ভালো হয়ে উঠছেন। ইদানিং নিজেকে কার্যকর অলরাউন্ডার প্রমাণ করছেন। অধিনায়কত্বের অভিষেক টেস্টে নিজের সেই অলরাউন্ড পারফরম্যান্সের ছাপ রাখলেন। চতুর্থ অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন ও ৫ উইকেট শিকার করলেন রশিদ। এর আগে এই কাজ করেছেন স্ট্যানলি জ্যাকস, ইমরান খান ও সাকিব আল হাসান।
১৯০৫ সালে অ্যাশেজে নিজের অধিনায়কত্বের প্রথম টেস্টে ৮২ রান করেছিলেন ও ৫২ রানে ৫ উইকেট নিয়েছিলেন জ্যাকস। এরপর ১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিহাম টেস্টে প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেছিলেন ইমরান খান। আর শেষ এই কীর্তি করেছিলেন সাকিব।
২০০৯ সালে নিজের অধিনায়কত্বের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি জয় নিশ্চিত করা অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের অধিনায়ক।
