ব্রাজিল ২ :২ কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক
গোল করার মধ্য দিয়ে ব্রাজিল দলে নিজের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে উদ্যাপন করলেন নেইমার। তার দেওয়া গোলেই ব্রাজিল বাংলাদেশ সময় গতকাল শনিবার সকালে প্রীতিম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করতে সক্ষম হয়।
গত জুনে কাতারের বিরুদ্ধে প্রীতিম্যাচে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক ইনজুরির শিকার হন। তবে সেরে ওঠা নেইমার জাতীয় দলের হয়ে নজর কাড়তে সময় নেননি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে তার নিখুঁত কর্নার কিকে জোরালো হেড নিয়ে ১৯তম মিনিটে দলের প্রথম গোলটি দেন ক্যাসেমিরো।
এবারের দলবদলে ব্যাপক আলোচনার খোরাক জোগানো ফুটবল বিশ্বের সবচাইতে দামি খেলোয়াড়টি ৫৮তম মিনিটে নিজেই গোল করেন। কোটিনহোর মধ্যমাঠ থেকে বাড়ানো বল আয়ত্তে নিয়ে বক্সে ঢোকেন দানি আলভেজ। দৌড়ানো অবস্থাতেই তিনি বাম প্রান্তে আগুয়ান নেইমারকে বল বাড়ালে চোখের পলকে তা বাঁ পায়ের আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দিয়ে ব্রাজিলকে সমতায় ফেরান পিএসজি স্ট্রাইকার।
কলম্বিয়া অবশ্য এর আগেই ২৫ ও ৩৪ মিনিটে গোল দুটি করে। ইতালির ক্লাব আতালান্তার ফরোয়ার্ড লুইস মুরিয়েল উভয় গোল দেন। তবে প্রথমটি আসে পেনাল্টি থেকে। তবে মাঠের খেলায় মুরিয়েল নয় প্রচারের আলো কাড়েন ব্রাজিল সুপারস্টারটিই।
এটি হলো ২০১৮ সালের নভেম্বরের পর ব্রাজিলের হয়ে নেইমারের প্রথম গোল। জাতীয় দলের হয়ে ৯৮ খেলায় এ পর্যন্ত ৬১ গোল করলেন নেইমার। আর এক গোল করলেই তিনি ব্রাজিলের হয়ে সর্বকালের গোলদাতাদের তালিকায় রোনাল্ডোর সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে আসবেন। সবার শীর্ষে আছেন পেলে যার গোল হলো ৭৭টি।
চোট কাটিয়ে মাত্রই জাতীয় দলে ফিরেছেন নেইমার। কোচ তিতে ম্যাচের আগে জানিয়েছিলেন খেলায় পুরোটা সময় ধরে খেলবেন না ব্রাজিল তারকা। কিন্তু গতকাল শনিবার পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন তিনি। পিএসজি তারকার সাবলীল খেলার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানালেন তিতে, ‘আমরা গতকাল বলেছিলাম যে, ৪৫ মিনিট পর্যন্ত আমরা নেইমারের পারফর্মেন্সকে মূল্যায়ন করব। একজন খেলোয়াড় চিন্তা করা শুরু করে এবং যখন অবসন্ন থাকে তখন সে পারফর্ম করতে পারে না। কিন্তু সে ভাবছিল এবং ভালো খেলছিল। এটা আমাকে চমকে দিয়েছে।’ ব্রাজিল খেলাটিতে স্কোরশিট ছাড়া সবকিছুতেই দাপট দেখায়। নেইমারের নেতৃত্বাধীন দলটি গোলপানে নেওয়া শটেও কলম্বিয়ার বিরুদ্ধে ১৪-১০ এ এগিয়ে ছিল। এছাড়াও ৫৭ শতাংশ সময়ে বলের দখল ছিল নেইমারদের পায়ে।
কোচ তিতের ব্রাজিল দল এ নিয়ে ১৭ খেলায় অপরাজিত রইল। বেলজিয়ামের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আর পরাজিত হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
উভয় দল এরপর আরেকটি করে প্রীতিম্যাচ খেলবে। এর মধ্যে ব্রাজিলের বিপক্ষ পেরু এবং কলম্বিয়া খেলবে ভেনেজুয়েলার বিরুদ্ধে। ব্রাজিলের খেলাটি হবে লস অ্যাঞ্জেলসে।
