স্পোর্টস ডেস্ক
শিরোপাপ্রত্যাশী রাফায়েল নাদাল ইউএস ওপেনের সেমিফাইনালে ইতালীয় মাতেও বেরাত্তিনিকে সরাসরি সেটে হারিয়েছেন। আজ রবিবার রাতে ফাইনালে তিনি মুখোমুখি হবেন রাশীয় প্রতিপক্ষ দানিল মেদভেদেভের যিনি অন্য সেমিফাইনালটিতে গ্রিগর দিমিত্রভকে সরাসরি সেটে হারিয়েছেন।
সরাসরি সেট বলতে যত সহজে বুঝায় নাদালের জয়টা অবশ্য ততটা সহজেও আসেনি। গতকাল শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়ে শুরুর সেটটাকে টাইব্রেকারে নিয়ে যান বেরাত্তিনি। কিন্তু সেখানে নাদালের অভিজ্ঞতার কাছে হারেন তিনি। শুরুর সেটে হারের পর বেরাত্তিনি ছন্দ হারালে পরের দুই গেম সহজেই জেতেন নাদাল। ৭-৬, ৬-৪, ৬-১ গেমের এ জয়ের ফলে চতুর্থ ইউএস ওপেন জেতা থেকে একটা পদক্ষেপের দূরত্বে চলে এসেছেন নাদাল।
শিরোপাধারী নোভাক জকোভিচ চোটের কাছে হেরে শেষ ষোল থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা ফেদেরারও বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। চলতি ইউএস ওপেন জয়ের ক্ষেত্রে নাদালের সম্ভাবনা তাই বেড়ে গেছে শতগুণে।
শুরুর সেটে ছয়টা ব্রেক পয়েন্টের একটাতেও জিততে পারেননি নাদাল। প্রতিপক্ষকে এমন সুযোগ দেওয়ায় নিজের ওপরই কিছুটা বিরক্ত স্প্যানিশ এ তারকা, ‘প্রথম সেটটা কিছুটা হতাশার ছিল কেননা আমি তাকে কিছু পয়েন্ট ফ্রিতে দিয়ে দিয়েছিলাম। তার মতো খেলোয়াড়ের বিপক্ষে টাই ব্রেকে খেলতে চাইবেন না আপনি।’ তবে এরপরও জিততে পেরে খুশি নাদাল, ‘টাইব্রেকে কিছুটা ভাগ্যবান ছিলাম আমি। এরপর সেটায় উতরে গেলাম এবং যখন আবার ব্রেকটা পেয়েছিলাম ততক্ষণে ম্যাচের দৃশ্যপটটাই পালটে গিয়েছিল। আমি আরো বেশি শান্ত থেকে খেলছিলাম আর ক্রমেই আগ্রাসি হয়ে উঠছিলাম।’ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে মেদভেদেভকে পাচ্ছেন তিনি। রাশীয় খেলোয়াড়টি চলতি বছরে অন্য যে কোনো খেলোয়াড়ের চাইতে বেশি এটিপি ম্যাচ জিতেছেন। ফ্ল্যাশিং মিডোয় দিনের দ্বিতীয় সেমিফাইনালেও প্রথম সেমিফাইনালেরই পুনরাবৃত্তি ঘটেছিল। বুলগেরীয় খেলোয়াড় গ্রিগর দিমিত্রভ শুরুর সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েও টাইব্রেকারে হার মানলে পরের দুই সেটে ছন্দ হারান। যারই সুযোগ নিয়ে ৭-৬, ৬-৪, ৬-৩ গেমে ম্যাচটা জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল নিশ্চিত করেন মেদভেদেভ।
শেষ ২২ ম্যাচের ২০টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন রাশান এ খেলোয়াড়। তবে দুটি হারই দুটো এটিপি শিরোপা কেড়ে নিয়েছে দানিলের কাছ থেকে, যার একটি আবার নাদালেরই কাছে হেরেছিলেন তিনি। দারুণ নৈপুণ্য দিয়ে একটা সময় টেনিস র্যাংকিংয়ের তিনে উঠে এলেও কাঁধের চোট তাকে ঠেলে দিয়েছিল ৭৮তম অবস্থানে। চোটকে জয় করে ফিরলেন দারুণভাবে, নিশ্চিত করলেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালও! ফাইনালে আজ রবিবার রাতে ক্রমেই দুর্দমনীয় হয়ে ওঠা নাদালের মুখোমুখি হবেন তিনি।
