গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ইক্ষু গবেষণাকেন্দ্রের কেয়ারটেকারের লাশ উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ সুগার মিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি নির্মাণাধীন ইক্ষু গবেষণাকেন্দ্রের কেয়ারটেকার কুতুব উদ্দিনের (৪২) লাশ শনিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা-রংপুর মহাসড়কের ধারে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ভগবানপুর এলাকায় ওই গবেষণাকেন্দ্রের নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কুতুব উদ্দিন মাগুরা জেলার পারনন্দাইল উপজেলার সারংবদিয়া গ্রামের মৃত. আহমেদ চৌধুরীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, নির্মাণ শ্রমিকরা শনিবার সকালে নির্মাণাধীন ওই গবেষণা কেন্দ্রে কাজে এসে কুতুবের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, মৃত নৈশ প্রহরীর মুখ দিয়ে লালা বের হয়েছে। কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএম