সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫

মির্জাপুরে পুলিশের চিরুনি অভিযান

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শনিবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। মির্জাপুর থানার ওসি  (তদন্ত) মো. মোশারফ হোসেন জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে অভিযান শুরু হয়েছে।

জঙ্গি ও মাদক নির্মূলে সাংস্কৃতিক সভা

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটে শনিবার বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা জেলার আয়োজনে জঙ্গি ও মাদক নির্মূলে সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ নুরুল্লা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম, সাবেক মেয়র মনিরুজ্জামান, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমন।

ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা

কেশবপুর (যশোর) সংবাদদাতা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গুপ্রবণ এলাকা মূলগ্রামে শনিবার র্যালি ও বাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন-অর-রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাংবাদিক শামসুর রহমান, ডাক্তার সৌমেন বিশ্বাস প্রমুখ র্যালিতে অংশ নেন।

চলনবিল অবকাঠামো উন্নয়ন

প্রকল্পবিষয়ক মতবিনিময় সভা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে শনিবার সকালে চলনবিল অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক ও চলনবিল অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকল্প প্রস্তাবক মমিন মুজিবুল হক টুটুল সমাজী। আলোচনায় অংশ নেন চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. রাজু আহমেদ প্রমুখ।

বৃক্ষ রোপণ ও সততা স্টোর উদ্বোধন

শেরপুর (বগুড়া) সংবাদদাতা শিক্ষার্থীদের মধ্যে সততার আলো ছড়িয়ে দিতে শেরপুরে উপজেলা উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসায় শনিবার সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসায় নিজস্ব অর্থায়নে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাইয়ের সভাপতিত্বে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হক এবং সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু।

মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোখলেছুর রহমানের ওপর হামলার প্রতিবাদে শনিবার সৈয়দপুরে মানববন্ধন করা হয়েছে। শহরের জিআরপি মোড়ে স্মৃতি অম্লান চত্বরে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী কয়েকটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার একরামুল হক, সাবেক কমান্ডার ইউনুস আলী, মুক্তিযোদ্ধা সংসদ রেলওয়ে কমান্ডের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ম.আ শামীম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কবীর চৌধুরী প্রমুখ।

বড়লেখায় স্বাস্থ্য কর্মসূচি উদ্বোধন

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা বড়লেখায় বেসরকারি সংস্থা আশার উদ্যোগে শনিবার সকালে স্বাস্থ্য কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ‘সেবা নিন, সুস্থ থাকুন’ এই স্লোগানে উপজেলার দক্ষিণভাগে আশা শাখা কার্যালয়ে এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশার মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক তৌফিক উদ্দিন আহম্মদ। আশার জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আব্দুল মুহিতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশা সিলেটের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক মো. কামরুল হাসান, দক্ষিণ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, দক্ষিণভাগ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অনুকুল চন্দ্র দেব প্রমুখ।