ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন গুণগত কোনো বিশ্লেষণ ছাড়াই নগর পরিকল্পনাহীন অনির্দিষ্ট বাজেট ঘোষণা করেছে বলে দাবি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)। গতকাল শনিবার বাংলামটরে প্লানার্স টাওয়ারে আয়োজিত বাজেট পর্যালোচনায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘ঘোষিত বাজেটে কোন এলাকায় কত বাজেট দেওয়া হয়েছে, সে অনুযায়ী বিস্তারিত কোনো উল্লেখ নেই। এছাড়া দুই সিটিতে যে পরিমাণ বাজেট দেওয়ার দরকার ছিল তা পূর্ণাঙ্গতা পায়নি। ঢাকা উত্তর সিটিতে এবার প্রাথমিক স্বাস্থ্যপরিচর্যা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু যে অনুযায়ী স্বাস্থ্যখাতে বরাদ্দের দরকার ছিল, সে অনুযায়ী এ খাতে বাজেট একবারেই অপ্রতুল।’ এবার উত্তর সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যখাতে ৬৫০ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে।
এ সময় বিআইপির সহ-সভাপতি ড. অধ্যাপক আকতার মাহমুদ বলেন, বাজেট ঘোষণার আগে যেমন এ নিয়ে আলোচনার দরকার রয়েছে, তেমনি বাজেট ঘোষণার পরেও এর ব্যর্থতা ও সফলতা নিয়ে আলোচনার দরকার রয়েছে।
অন্যদিকে সংবাদ সম্মেলনে পরিকল্পনাবিদ ড. গোলাম মর্তুজা বলেন, এই বাজেটে কোথায় কত টাকা খরচ হবে এ বিষয়ে বিস্তারিত কিছুই নেই। এটির মধ্যে পুরো শুভংকরের ফাঁকি রয়ে গেছে। কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে বিআইপির পক্ষ থেকে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিআইপির উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক গোলাম রহমান, সভাপতি, অধ্যাপক এ কে এম আবুল কালাম প্রমুখ।
