ইত্তেফাক রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৬ হাজার টাকায় একেকটি বালিশ কেনার দুর্নীতিকে হার মানিয়েছে ফরিদপুর মেডিক্যাল কলেজের পর্দা কেনার দুর্নীতি। এটা একটা অস্বাভাবিক সরকার। সবকিছু অস্বাভাবিকভাবে চলছে। তিনি বলেন, এক সেট পর্দা কিনতে নাকি লাগে ৩৭ লাখ টাকার ওপরে। কেন? কারণ সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যাংকের মাধ্যমে লুট করছে। ব্যাংক লুট হচ্ছে কোনো বিচার নেই, রিজার্ভ লুট হচ্ছে কোনো বিচার নেই।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বহুদলীয় গণতন্ত্র ও শহিদ জিয়ার অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট।
তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি নাকি ভোটের রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। আমি মনে করি, ডিসেম্বরের ২৯ তারিখ রাতে আওয়ামী লীগ সারাজীবনের জন্য ভোটের রাজনীতি থেকে বিদায় হয়ে গেছে। জনগণের কাছে ভোট চাওয়ার আর মুখ নেই। তারা নিজেরা বিদায় হয়ে গেছেন। এটাও ইতিহাসে সত্য, যা মোছা যাবে না।’
হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
