ইত্তেফাক রিপোর্ট
মাংস আমদানির সুযোগ দেওয়া হলে তা দেশের জন্য আত্মঘাতী হবে বলে জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে মাংস উত্পাদনে স্বয়ংসম্পূর্ণ। এছাড়া খামারের সঙ্গে কোটি কোটি মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। মাংস আমদানির সিদ্ধান্ত নেওয়া হলে খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন। গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় কনভেনশন সেন্টারে খামারি সম্মেলনে বক্তারা এ কথা বলেন। সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রায় ১ হাজার খামারি অংশ নেন।
বিডিএফএর সভাপতি ইমরান হোসেন বলেন, ‘বাংলাদেশ থেকে বিদেশে তৈরি পোশাক রপ্তানির বিপরীতে মাংস আমদানির সুযোগের শর্ত দেওয়া হলে তা আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।’ আন্তর্জাতিক বাজারের চেয়ে বাংলাদেশে মাংসের দর কিছুটা বেশি উল্লেখ করে তিনি বলেন, যদি গো-খাদ্য শুল্কমুক্ত আমদানি এবং বন্দর থেকে গো-খাদ্য দ্রুত খালাসের ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাহলে গরুর মাংস প্রতি কেজি ৩৫০ টাকায় উত্পাদন করা যাবে।
সম্মেলনে দেশের সব উপজেলায় পতিত সরকারি জমি খামারিদের লিজ দেওয়া, গবাদি পশুর খাদ্য ঘাস, সাইলেজ উত্পাদনে প্রণোদনা, আর্থিক সহায়তা ও ঋণ প্রদান, খামারের বিদ্যুত্, পানির বিল বাণিজ্যিক আওতামুক্ত করে কৃষির আওতায় আনাসহ ১০ দফা দাবি জানানো হয়।
