বিমানবন্দরে ২২৪৬টি মোবাইল ফোন জব্দ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫

তিন চোরাকারবারি আটক

 বিশেষ প্রতিনিধি

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ২৪৬ পিস মোবাইলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল শনিবার সকালে বিমানবন্দরের বহিরাঙ্গনের ২ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। তিনি জানান, সকাল ৭টায় চীনের গুয়াংজু থেকে ইউএস বাংলার ফ্লাইট বিএস ৩২৬ যোগে ঢাকায় আসেন সুজন, শাহরিয়ার হোসেন প্রিন্স এবং রফিকুল ইসলাম। সকাল ৮টায় বিমানবন্দরের বহিরাঙ্গনের ২ নম্বর ক্যানোপি এলাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা বিভ্রান্তিকর তথ্য দেন এবং শুল্ক ফাঁকি দেওয়ার কথা স্বীকার করেন। তাদের ব্যাগেজ তল্লাশি করে আইফোন, স্যামসাং, ওয়ান প্লাস, টান্সেন্ট গেম, শাওমি ও নোকিয়া ব্রান্ডের ২ হাজার ২৪৬ পিস মোবাইল পাওয়া যায়। আটক মোবাইলের আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানা গেছে।

আলমগীর হোসেন আরো জানান, আটক সুজন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্ড গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং শাহরিয়ার হোসেন প্রিন্স ঢাকার ডেমরা থানাধীন পাড়াডগাইর (আমিনবাগ) হাঁসেরপুল এলাকার দুলাল হোসেনের ছেলে। এ ছাড়া আটক রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার নওগাঁ (জয়তগঞ্জ) গ্রামের আব্দুর রহমানের ছেলে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এই মোবাইল বাংলাদেশ ও ভারতে বিক্রির উদ্দেশ্যে আনা হয়। ভারতীয় নাগরিক জনৈক রাজেশের মাধ্যমে একটি অংশ ভারতে পাচার করা হতো বলে জানা গেছে। আটক সুজন দীর্ঘ ২৫ বছর ধরে এ ধরনের চোরাকারবারির সঙ্গে জড়িত বলেও জানা গেছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছর থেকে স্মার্টফোন আমদানিতে শুল্ক বাড়িয়েছে সরকার। আগের বছরের তুলনায় আড়াইগুণ বেশি আরোপ করে শতকরা ৩০ শতাংশ শুল্ক আদায় করা হচ্ছে। দেশীয় শিল্পকে সুরক্ষার কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে চোরাচালান বাড়ার আশঙ্কার কথা আমদানিকারকরা আগেই বলেছিলেন।