একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ রবিবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে।
সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। অবশ্য আজ বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এ অধিবেশনে বেশ কটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাশ এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হতে পারে।
