ছেলেমেয়েরা কে কী করছে খেয়াল রাখবেন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কিশোর গ্যাংয়ের আবির্ভাব হয়েছে। এ বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সজাগ। অভিভাবকদের অনুরোধ করব, আপনাদের ছেলেমেয়েরা কে কী করছে লক্ষ করুন। কিশোর গ্যাংয়ে যাতে কেউ সম্পৃক্ত হতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকুন।’ গতকাল শনিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের    কনভেনশন হলে ‘মাদক-সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভ টিজিং   ও সেলফোন-ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, ‘কিশোররা সন্ধ্যার পর কেন বাইরে থাকবে? তারা পড়ার টেবিলে যাবে, সন্ধ্যার পর বাসায় ফিরে আসবে। এদের আমরা লক্ষ করছি, অনেক রাত পর্যন্ত বাইরে থাকছে। অনুরোধ করব অভিভাবকদের, আপনার সন্তান কোথায় খোঁজ রাখুন। কিশোর গ্যাংয়ে আপনার-আমার ছেলেমেয়ে নাতিপুতি যেন না জড়ায়। সন্তানরা কী করছে খেয়াল করুন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যদি কেউ অপরাধ করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিশোর হলেও। দেশে কিশোর অপরাধীদের জন্যও আইন রয়েছে। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস-জঙ্গির উত্থান দেখেছি। সন্ত্রাস-জঙ্গির উত্থান ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। অনেক দেশের চক্ষুশূল হয়েছি। আমাদের উন্নতি দেখে একের পর এক ঘটনা ঘটিয়ে আমাদের দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলেছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর ডাকে আমরা সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছি। সব পেশার মানুষ একাত্ম হলো। মা তার জঙ্গি ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছেন। নিহত জঙ্গির মরদেহও নিতে কেউ আসেনি।’

সাবেক আইজিপি আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।