ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা-ঘাট ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের জন্য প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে শেখ হাসিনার সরকার। স্বাধীনতার পর কোনো সরকারের অবকাঠামো উন্নয়নে এটাই সর্বাচ্চ বরাদ্দ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা আজ সরকারের প্রধান আছেন বলে এত বড়ো বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে উন্নত দেশে রূপান্তর করতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে সদরপুর উপজেলা পরিষদ হলে উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
