ব্রুনাইতে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৫

ব্রুনাইতে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী ছাইদুল ইসলাম আল-আমিন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঐ দেশের সময় শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি গাজীপুর কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে ।  

আল-আমিন মো. বকুল সরকারের একমাত্র ছেলে। আল-আমিনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার ও ইউপি সদস্য মো. ফারুক শেখ।   

নিহতের চাচাত ভাই শাসমুল হক জুয়েল জানান, ছাইদুল ইসলাম আল-আমিন এক বছর আগে জীবিকা নির্বাহের জন্য ব্রুনাই পাড়ি জমান। সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো গত ৬ সেপ্টেম্বর শুক্রবারেও তিনি কাজ করতে যান। ঐদিন নির্মাণাধীন ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জানা গেছে, নিহত আল-আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। অনেক ধার-দেনা করে অধিক সুখের আশায় পরিবারের স্বাচ্ছন্দ ফেরাতে ও সন্তানদের সুন্দর ভবিষ্যত্ গড়ার আশায় বছর খানেক আগে আল-আমিন প্রবাসে পাড়ি দেয়। সেখানে গিয়ে কাজ ও বেতন ভালো না হওয়ায় এখনো ঋণ পরিশোধ করা হয়নি তার।