জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, উন্নয়নের জন্য গবেষণা এবং গবেষণালব্ধ জ্ঞানের ভিত্তিতে যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও সেটির সঠিক বাস্তবায়ন অত্যাবশ্যক। আমাদের অগ্রগতির যাত্রাকে নিষ্কণ্টক ও দ্রুততম করার ক্ষেত্রে গবেষণার বিকল্প নেই। যথোপযুক্ত গবেষণা ছাড়াই পরিকল্পনা গৃহিত হয় বলেই এদেশের উন্নয়ন কর্মকাণ্ড কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। উন্নয়ন সংস্থাসমূহের কাজে সমন্বয়হীনতা আমাদের দেশে উন্নয়নের ক্ষেত্রে প্রায়শই পরিলক্ষিত হয়। এই অবস্থার অবসান প্রয়োজন।
গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি সংস্থা ‘কনিকা’ আয়োজিত উন্নয়ন পরিকল্পনাকারী ও গবেষণা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ শহীদ এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংস্থার প্রধান নির্বাহী একেএম মাহবুবুল হক, অরবিজ ইন্টারন্যাশনালের বাংলাদেশ পরিচালক ড. আবুল হাসনাত গোলাম কুদ্দুস, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্ট্যাডিজের গবেষণা পরিচালক ড. আহমাদুর রহমান ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক বিজয় প্রসাদ বড়ুয়া প্রমুখ।
