বিশ্বকাপ বাছাই পর্ব

থাইল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৬

টানা দ্বিতীয় বার আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জিতল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। গতকাল স্কটল্যান্ডে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনালে থাইল্যান্ডকে ৭০ রানের বড়ো ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সালমা খাতুনের দল।

এর আগে ২০১৮ সালেও একই টুর্নামেন্টের ট্রফি জিতেছিল বাংলাদেশ নারী দল। সেবার আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

এই টুর্নামেন্টের ফাইনালে উঠার মধ্য দিয়েই আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী টি-২০ বিশ্বকাপ। গতকাল ফাইনালে হারা থাইল্যান্ডও বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে।

গতকাল টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল। ওপেনিংয়ে সানজিদা ইসলামের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। ওপেনাররাই বাংলাদেশের স্কোরের ভিত গড়ে দিয়েছেন। ওপেনিংয়ে সানজিদা ইসলাম ও মুর্শিদা খাতুন ৬৮ রানের জুটি গড়েছেন। ইনিংসের ১১তম ওভারে আউট হওয়ার আগে মুর্শিদা খাতুন ৩৪ বলে ৩৩ রান (চারটি চার) করেন।

একপ্রান্ত আগলে সানজিদা ইসলাম ব্যাট করেছেন পুরো ইনিংস। যদিও মুর্শিদা খাতুনের বিদায়ের পর অপরপ্রান্তে আর কেউ সানজিদাকে ভালো সঙ্গ দিতে পারেননি। ৬০ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন সানজিদা। তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। এছাড়া নিগার সুলতানা আট, শায়লা শারমিন তিন, জাহানারা আলম তিন ও ফারজানা হক পিংকি অপরাজিত দুই রান করেন। থাইল্যান্ডের বুচাথাম দুইটি, টিপুচ-লাওমি একটি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশের বোলিং তোপে সুবিধা করতে পারেনি অপেক্ষাকৃত দুর্বল দল থাইল্যান্ড। ২০ ওভারে সাত উইকেটে ৬০ রান তুলতে সমর্থ হয় থাই মেয়েরা। দলের পক্ষে পাডুনজার্ড অপরাজিত ১৫, লাইংপ্রাসার্ট ১১ রান করেন। দলের আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার-শায়লা শারমিন দুইটি করে, সালমা খাতুন-খাদিজাতুল কোবরা একটি করে উইকেট পান। বাংলাদেশের সানজিদা ইসলাম ম্যাচ সেরা হন।